ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে দলটির আমির ডা. শফিকুর রহমান যোগ দিয়েছেন।
শনিবার (১৯ জুলাই) দুপুর সোয়া ১২টায় তিনি সমাবেশস্থলে পৌঁছান। উদ্যানে প্রবেশকালে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানায়। এ সময় হাত নেড়ে শুভেচ্ছা দেন ডা. শফিকুর রহমান। এ সময় তাকে হাস্যোজ্জ্বল দেখা যায়।
মহাসমাবেশে দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে দুপুর ২টায়, যেখানে সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে কুরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়।
সকাল ৯টা ২৫ মিনিটে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সমাবেশস্থলে আসেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের সমাবেশ ইতোমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে।’ তিনি অনুকূল আবহাওয়ার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন।
জামায়াতের ৭ দফা দাবির মধ্যে রয়েছে-অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা, সব গণহত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন, শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু এবং প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা।
