ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে শাখা ছাত্রদল। শনিবার (১৯ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি করেন তারা। মানববন্ধন শেষে র্যালি নিয়ে প্রশাসন ভবনের সামনে আসে সংগঠনটির নেতাকর্মীরা।
মানববন্ধনে ইবি শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহমেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, আহসান হাবীব, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, মিথুন এবং রাকিব হাসান স্বাক্ষরসহ সংগঠনটির শতাধিক নেতাকর্মী।
মানববন্ধনে সাহেদ আহমেদ বলেন, আমার ভাই সাজিদের মৃত্যর ঘটনায় আমরা শোকাহত। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাই। কোষাধ্যক্ষকে হুশিয়ারি দিয়ে বলতে চাই, নতুন অর্থবছর শুরু হয়েছে। অর্থের কোন অভাব নেই। শিক্ষার্থীদের প্রয়োজনে যা কিছু প্রয়োজন তার সবই আপনাদের করতে হবে। আপনাদের জন্য আমরা বিশ্ববিদ্যালয়ে আসিনি, আমাদের জন্য আপনারা এখানে এসেছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহ’র মরদেহ উদ্ধার করা হয়। সাজিদ আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
