জামায়াতের সমাবেশে সারজিস

মুজিববাদের বিরুদ্ধে একসঙ্গে লড়তে হবে

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৫:১১ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমাদের নতুন সংবিধান লাগবে। গণপরিষদ নির্বাচন লাগবে। ১৯৭২-এর মুজিববাদী সংবিধানকে একপাশে রেখে কখনই বাংলাদেশপন্থি রাষ্ট্র গঠন সম্ভব নয়। 

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়ে তিনি এ বক্তব্য দেন।

সমাবেশে সারজিস আলম আরও বলেন, নারী ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে হবে। এক জুলাই পেরিয়ে আমরা আরেক জুলাইয়ে পৌঁছালেও, মুজিববাদীদের ষড়যন্ত্র অব্যাহত আছে। গোপালগঞ্জসহ সারাদেশে তাদের আস্তানা রয়ে গেছে। মুজিববাদ কেবল একটি গোষ্ঠী নয়, একটি আদর্শ। তাই আইনি পথে নয়, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে এর মোকাবিলা করতে হবে।

তিনি ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও মুজিববাদের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে লড়তে হবে।

সারজিস আলম বলেন, বাংলাদেশে আর কোনো ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেয়া যাবে না। অন্য যেকোনো দেশের নামে বাংলাদেশ হতে দেয়া যাবে না।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সুশীল সরকারের ভূমিকায় চাই না। এই বাংলাদেশ খুনি হাসিনার বিচারের রায় হতেই হবে।

সারজিস আলম বলেন, এই বাংলাদেশের বিচার বিভাগে কোনো দলের বিচার বিভাগ হিসেবে আমরা দেখতে চাই না। আইন শৃঙ্খলা বাহিনীকে ক্ষমতার তোষামদের বাহিনী হিসেবে আমরা দেখতে চাই না। কেউ চাঁদাবাজি করলে আমরা সেটা মুখের ওপর বলবো। কিন্তু স্বৈরাচারীর বিরুদ্ধে আমরা একতাবদ্ধ থাকবো।

উল্লেখ্য, দুপুর ২টা ৫৫ মিনিটে সারজিস আলম সমাবেশে যোগ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত