তৈরি পোশাক খাতের অটোমেশন ও ডিজিটাল রূপান্তরের পথে এক যুগান্তকারী পদক্ষেপ নিল ইউজার টেক সলিউশনস। প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের অত্যাধুনিক অটোমেশন সফটওয়্যার ইউআইসি। এটি বিশেষভাবে গার্মেন্ট শিল্পের জন্য তৈরি করা হয়েছে।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে উদ্যোক্তারা এই সফটওয়্যার উদ্বোধন করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্যোক্তারা জানিয়েছেন, সফটওয়্যার রোবোটিক প্রসেস অটোমেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী সলিউশন। এটি মানুষের তুলনায় ১০ থেকে ৩০০ গুণ দ্রুত এবং শতভাগ নির্ভুলতায় কার্য সম্পাদন করতে সক্ষম।
এতে আরো বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৩৬ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। এর বিপরীতে প্রায় ১৫০০ কোটি ডলার বাণিজ্যিক পরিচালন ব্যয়ে খরচ হয়েছে। ইউআইসি ব্যবহারের মাধ্যমে এই খরচ ১ থেকে ৩ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব, যার ফলে শিল্প খাতটি বছরে আনুমানিক ১৫ মিলিয়ন ডলার সাশ্রয় করতে পারবে।
ইউআইসি সফটওয়্যার দৈনন্দিন প্রশাসনিক ও বাণিজ্যিক কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে সম্পাদন করে। এটি কেবল সময় সাশ্রয় করে না, বরং কর্মীদের মানসিক চাপ কমায়, কাজের মান উন্নত করে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন নিশ্চিত করে।
