গণহত্যা, লুটপাট ও জনগণকে অধিকারহীন করে রাখার অভিযোগ এনে এসবের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, রাষ্ট্রকে গণতান্ত্রিকভাবে পুনর্গঠন করতে হবে। এজন্য নতুন সংবিধান রচনার লক্ষ্যে গণপরিষদ নির্বাচন প্রয়োজন।
গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে বান্দরবান প্রেসক্লাবের সামনে এনসিপি আয়োজিত এক পথসভায় এ কথা বলেন তিনি।
পথসভায় নাহিদ ইসলাম বলেন, ‘ইনসাফের যে উন্নয়ন, তা আমরা বান্দরবানের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। অর্থনৈতিকভাবে এলাকাকে সমৃদ্ধশালী করে তুলতে চাই।’
তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান কোনো সরকার পতনের আন্দোলন ছিল না। এটি ছিল নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের গণবিস্ফোরণ—একটি গণআকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু ব্যবস্থার এখনও পরিবর্তন হয়নি।’
পথসভা সঞ্চালনা করেন মুখ্য সম্পাদক আছা ইম সায়েম হোসেন এবং জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক লুক চাকমা।
সভায় আরও উপস্থিত ছিলেন—চট্টগ্রাম দক্ষিণের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, জোবায়েরুল হাসান আরিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক ইমন সৈয়দ, চট্টগ্রাম মহানগর ও জেলা অঞ্চলের তত্ত্বাবধায়ক, বান্দরবান জেলার প্রধান সমন্বয়ক শহীদুর রহমান সোহেলসহ দলের নেতৃবৃন্দ।
এর আগে, রাত ৮টা ২২ মিনিটে কেন্দ্রীয় নেতারা কক্সবাজার থেকে সড়কপথে বান্দরবান সদরে পৌঁছেন। পরে বাসস্টেশন থেকে পদযাত্রা করে তারা প্রধান সড়ক ধরে ট্রাফিক মোড়ের সোনালী ব্যাংকের সামনে এক সমাবেশে বক্তব্য দেন।
হাতিয়ায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা 