বান্দরবানে এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৪:১১ পিএম

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বান্দরবানে অবাঞ্ছিত করার হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় ছাত্রসমাজ। রবিবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টায় বান্দরবান প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে ‘বান্দরবান ছাত্রসমাজ’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এ হুঁশিয়ারি দেন।

মূলত এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বক্তব্যের প্রতিবাদে তারা এমন ঘোষণা দেন। এর আগে গত ৩ জুলাই পঞ্চগড়ে এক সভায় সারাজিস বান্দরবানকে ‘শাস্তিস্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা’ বলে মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে বক্তারা, সারজিসের এমন মন্তব্যকে পার্বত্য অঞ্চলের প্রতি ‘চরম অবমাননা’ উল্লেখ করে তা অবিলম্বে প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানান।

এনসিপির নেতা ক্ষমা না চাইলে সংগঠনটিকে বান্দরবানে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলার সভাপতি আসিফ ইকবাল বলেন, এ ধরনের মন্তব্য শুধু দুঃখজনকই নয়, গোটা পার্বত্য অঞ্চলের মানুষের প্রতি রাষ্ট্রীয় বৈষম্যকেও প্রকাশ করে। বান্দরবানকে অপরাধীদের শাস্তির স্থান হিসেবে চিহ্নিত করে আমাদের মর্যাদাহানি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, পার্বত্য ছাত্র পরিষদের সহসভাপতি মাহির ইমতেছার, সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদসহ অন্যান্য নেতাকর্মী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত