প্রেম করে বিয়ে করা এক তরুণী স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে আত্মহত্যা করেছেন। রবিবার (২০ জুলাই) শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়ন দক্ষিণ শালজান গ্রামে এ ঘটনা ঘটে। বাড়ির পাশের লোকজন টের পেয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত শ্রাবন্তী আক্তার (২০) গ্রামের রজব আলীর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার সকালে স্বামীর সঙ্গে ফোনে কথা বলায় মনোমালিন্যের একপর্যায়ে শ্রাবন্তী নিজ ঘরের ধরনার সঙ্গে পরনের কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস নেন। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা দ্রুত উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রাবন্তীর সঙ্গে একই গ্রামের আবুল বাশারের ছেলে রংমিস্ত্রি ইসমাইল হোসেনের (২৬) প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের টানে গত মাসে তারা আদালতে এফিডেভিটের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। চলতি মাসের শেষ দিকে ইসমাইলের পরিবারের তরফ থেকে শ্রাবন্তীকে শ্বশুরবাড়ি তুলে নেওয়ার কথা ছিল। তবে রবিবার সকালে ইসমাইল ফোনে শ্রাবন্তীকে জানান, তার পরিবারের সদস্যরা এ বিয়ে মেনে নিতে নারাজ এবং তাকে বাড়ি তোলা সম্ভব নয়। এতে হতাশ হয়ে ও মানসিক আঘাতে শ্রাবন্তী আত্মহননের পথ বেছে নেন বলে তার চাচাতো ভাই অন্তর আহম্মেদ জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তৃষা দেশ রূপান্তরকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের কোনো এক লোক শ্রাবন্তীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তার সঙ্গে নিকটতম আত্মীয় না আসায় এবং কথা বার্তা সন্দেহ হওয়ায় আমরা তার গার্ডিয়ান আসার জন্য অপেক্ষা করি। পরবর্তীতে দুপুরের দিকে পুলিশসহ তার গার্ডিনার আসলে তার মৃতদেহ হস্তান্তর করি।
শ্রাবন্তীর মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
২০৫০ সালের মধ্যে আরও ৪ কোটির বেশি মানুষ দরিদ্র হবে: বিশ্বব্যাংক
কাপাসিয়ায় মাদকাসক্ত যুবকের ছুড়িকাঘাতে স্কুল দপ্তরি নিহত