খুলনায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রূপসা উপজেলার আরমাই পাচানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াহিয়া শেখকে (৪৪) গতকাল রবিবার কারাগারে প্রেরণ করেছেন আদালত।
এর আগে সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার স্বল্প বাহিরদিয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই শিক্ষক স্বল্প বাহিরদিয়া ইউনিয়নের বাসিন্দা আকবর আলীর ছেলে।
এদিকে খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে নারী শিশু আইনের ২২ ধারায় জবানবন্দি দিয়েছে ভুক্তভোগীর।
রূপসা থানার ডিউটি অফিসার মো. আব্দুস ছাত্তার জানান, গত ১৬ জুলাই দুপুর দেড়টার দিকে উপজেলার আরমাই পাচানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রী টিফিনের সময় ওয়াসরুমে যায়। এ সময় ঐ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াহিয় শেখ শিশুটির পিছু নেয়। ওয়াসরুমে কেউ না থাকার সুযোগে ঐ শিক্ষক জোর করে শিশুটিকে ধর্ষণ করে।
ধর্ষণ শেষে শিশুটিকে কাউকে কিছু না বলার জন্য হুমকি দেয়। কিন্তু ধর্ষণের শিকার শিশুটি অসুস্থ হয়ে পড়ে। এরপর ঘটনাটি পরিবারের সদস্যদের জানালে তারা রূপসা থানায় ঐ শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যতন দমন আইনে মামলা দায়ের করে।
মামলার তদন্ত কর্মকর্তা অসিত কুমার বলেন, গতকাল দুপুর ১২ দিকে শিশুটি খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। শিশুটির শারীরিক পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এছাড়া গ্রেপ্তার শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
