৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে সহকারী সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন। গতকাল রবিবার রাত ১২টার পর কমিশনের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ৬ আগস্ট থেকে। পরীক্ষার সময়সূচি যথাসময়ে পিএসসির ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে জানানো হবে। ডাকযোগে সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না, প্রার্থীদের নিজ উদ্যোগে পিএসসির ওয়েবসাইট থেকে তা ডাউনলোড করতে হবে এবং নির্ধারিত তারিখে ঢাকায় কমিশনের প্রধান কার্যালয়ে বোর্ড অনুযায়ী উপস্থিত হতে হবে।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের সঙ্গে আনতে হবে BPSC Form-1 (Applicant’s Copy) এবং নির্ধারিত কাগজপত্রের দুটি করে সত্যায়িত কপি। এসব কাগজের মধ্যে রয়েছে—তিন কপি সদ্য তোলা রঙিন সত্যায়িত ছবি, এসএসসি ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদ, ট্রান্সক্রিপ্ট ও মার্কশিট, জন্মতারিখ প্রমাণে এসএসসি বা সমমানের সনদ (ও-লেভেল/এ-লেভেল হলে দালিলিক প্রমাণ), বিদেশি ডিগ্রি থাকলে সমমানের সনদ, এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের বিএমডিসি নিবন্ধন সনদ, পরীক্ষাধীন প্রার্থীদের পরীক্ষার সময় নির্ধারিত তারিখে সম্পন্ন হয়েছে—এমন প্রত্যয়নপত্র, বিএমডিসি রেজিস্ট্রেশনপ্রাপ্ত চিকিৎসকের সনদে প্রার্থীর উচ্চতা, ওজন ও বুকের মাপসংক্রান্ত তথ্য (রেজিস্ট্রেশন নম্বরসহ) ইত্যাদি।
যেসব প্রার্থী বর্তমানে কোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানে চাকরিরত, তাদের চাকরিদাতা সংস্থার অনুমোদিত ছাড়পত্র জমা দিতে হবে। যদি কেউ চাকরি থেকে পদত্যাগ বা অপসারিত হয়ে থাকেন, তা প্রমাণে যথাযথ কাগজ জমা দিতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের নির্ধারিত কর্তৃপক্ষের সনদের সত্যায়িত কপি দিতে হবে। জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন বা পাসপোর্ট—এর যেকোনো একটি সঙ্গে রাখতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনার সন্তানদের জন্য পিতা বা মাতার নির্ভরযোগ্য মুক্তিযোদ্ধা সনদের কপি, এবং স্থায়ী ঠিকানার প্রমাণে জাতীয় পরিচয়পত্র ও জনপ্রতিনিধি/নোটারি পাবলিকের সনদপত্র জমা দিতে হবে।
প্রার্থীদের অনলাইনে বাংলায় BPSC Form-3 পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। এই ফরমের দুটি প্রিন্ট কপি মৌখিক পরীক্ষায় সঙ্গে আনতে হবে। পাশাপাশি, প্রাক্-চাকরি পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় তিন কপি ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট কাগজপত্রসহ জমা দিতে হবে।
কমিশন বলেছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মানেই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের নিশ্চয়তা নয়। নির্ধারিত কাগজপত্রে যদি কোনো অসংগতি, জাল সনদ বা মিথ্যা তথ্য পাওয়া যায়, তাহলে ওই প্রার্থীকে শুধু অযোগ্যই ঘোষণা করা হবে না, বরং ভবিষ্যতের পরীক্ষায় অংশগ্রহণেও নিষেধাজ্ঞা আরোপ এবং চাকরিতে প্রবেশের পরও ব্যবস্থা নেওয়া হবে।
ফলাফল এসএমএসের মাধ্যমে জানতে চাইলে মোবাইলে “PSC 48 <স্পেস> রেজিস্ট্রেশন নম্বর” লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। যেমন—PSC 48 123456 Send to 16222।
এছাড়া, যেসব প্রার্থী ৪৬তম বা ৪৭তম বিসিএস পরীক্ষায় আবেদন করেছিলেন, তাদের ২৩ জুলাই ২০২৫-এর মধ্যে নির্ধারিত গুগল ফর্ম https://forms.gle/jstW39S12eWi9oBk6 পূরণ করে জমা দিতে হবে।
আধুনিক সমাজে মনুষ্যত্বের অবক্ষয়
ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল ৬৭ ফিলিস্তিনির