আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার সহসভাপতি ও গাইবান্ধা পৌরসভার সাবেক মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২০ জুলাই) রাতে রাজধানী ঢাকার হাতিরপুল এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা দুটি মামলায় তিনি পলাতক ছিলেন।
সোমবার (২১ জুলই) বেলা ১২টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর রহমান তালুকদার। তিনি মোবাইল ফোনে জানান, আজ সোমবার গাইবান্ধার আদালতে তাকে হাজির করা হবে।
ওসি আরও জানান, জাহাঙ্গীর কবীরের বিরুদ্ধে মোট তিনটি মামলা আছে। এরমধ্যে একটি গতবছর ১৮ আগস্ট জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করা হয়। এই মামলায় জামিনে আছেন তিনি।
জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে দায়ের করা অপর দুটি মামলার মধ্যে গত বছরের ২৬ আগস্ট হত্যা চেষ্টা, আগুন দেওয়া ও বিস্ফোরক দ্রব্য আইনে এবং চলতি বছরে ২২ মে হত্যার চেষ্টার অভিযোগে সদর থানায় আরেকটি মামলা করা হয়। এই দুই মামলায় পলাতক ছিলেন।
