দীর্ঘ এক দশক পর আবার মাঠে গড়াতে পারে ক্লাবভিত্তিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি (সিএলটি-২০)। টুর্নামেন্টটির পুনরায় আয়োজনের বিষয়টি নিয়ে সক্রিয় আলোচনা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বিশ্ব গণমাধ্যম ‘সিডনি মর্নিং হেরাল্ড’-এর প্রতিবেদন অনুযায়ী, আইসিসির সাম্প্রতিক বার্ষিক সাধারণ সভায় এ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। প্রস্তাবের পক্ষে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের সমর্থন রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে ছয়টি আসর অনুষ্ঠিত হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির। এর মধ্যে চারটি ভারতে এবং দুটি দক্ষিণ আফ্রিকায়। শেষবার এই টুর্নামেন্ট মাঠে গড়ায় ২০১৪ সালে। ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত সেই আসরের ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে শিরোপা জেতে চেন্নাই সুপার কিংস।
সেই আসরে অংশ নেয় মোট আটটি দল—তিনটি ভারত থেকে, দুটি করে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে, আর একটি করে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড থেকে।
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ দুইবার করে শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। এছাড়া একবার করে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও সিডনি সিক্সার্স।
দীর্ঘদিন পর এই টুর্নামেন্ট ফিরলে আইপিএলসহ বিশ্বের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগগুলোতে খেলা ক্লাবগুলো আবারও এক ছাদের নিচে মুখোমুখি হবে, যা ক্রিকেটপ্রেমীদের জন্য নিঃসন্দেহে বড় আনন্দের খবর।
বল হাতে দুর্দান্ত, ব্যাটিংয়ে সাকিবের ডাক, মায়ামির হার
ফিট থাকলে খেলতে পারবেন সাকিব, জানালেন বিএনপি মহাসচিব