'আগুন ধরা প্লেনটা আমার চোখের সামনেই বিল্ডিংয়ে আঘাত করছে'

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৫:০৫ পিএম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান।

এদিকে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সেখানকার একজন শিক্ষার্থী জানিয়েছেন, আমার চোখের সামনেই বিমানটি স্কুল ভবনে আঘাত করে। আমাদের একটা পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে বের হয়ে দাঁড়ায়ে ছিলাম। তখন আগুন ধরা প্লেনটা আমার চোখের সামনেই বিল্ডিংয়ে আঘাত করছে।

এই ঘটনায় তার এক বন্ধু নিহত হয়েছে বলেও দাবি করেছেন তিনি। তিনি বলেন, আমার একটা বেস্ট ফ্রেন্ড, যে পরীক্ষার হলে একসঙ্গে ছিল, আমার চোখের সামনে মারা গেছে।

স্কুল ছুটির মুহূর্তে প্রশিক্ষণ বিমানটি ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন সেখানকার শিক্ষক-শিক্ষার্থীরা। ফলে হতাহতদের মধ্যে বেশ কয়েক জন অভিভাবকরাও রয়েছেন বলে জানা যাচ্ছে।

এই প্রত্যক্ষদর্শী বলেন, স্কুল গেটের ভেতরে অনেকগুলো গার্ডিয়ান দাঁড়ায়ে ছিলো, আর ছোটরা বের হচ্ছিলো ছুটির টাইমে। তখন গার্ডিয়ানদের সহ প্লেনটা নিয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত