'প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজেরই মনে হচ্ছে', শোক বার্তায় সাকিব 

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৮:১১ পিএম

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বহু প্রাণহানির ঘটনায় গোটা দেশই শোকে স্তব্ধ। দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান এই মর্মান্তিক ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন বার্তা দিয়েছেন।

সাকিব লিখেছেন, "আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোকস্তব্ধ এক বেদনার স্থলে। এক নিমিষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন।"

একজন বাবা ও বাংলাদেশি নাগরিক হিসেবে নিজের আবেগ আর যন্ত্রণার কথা প্রকাশ করে সাকিব বলেন, "একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে, এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে।"

সবার প্রতি সহমর্মিতা জানিয়ে সাকিব আরও বলেন, "আসুন, আমরা সবাই মিলে নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি। এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই।"

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত