নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৯:৩০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুটি পৃথক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের প্রাণহানি ঘটেছে। নিহতদের একজন ছেঁড়া তারে বিদ্যুৎ আছে কিনা তা পরীক্ষা করতে গিয়ে এবং অন্যজন নিজের নাতিকে বাঁচাতে গিয়ে মৃত্যুবরণ করেন। 

নিহতরা হলেন উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ফকির বাড়ির বাহাউদ্দিন (৬৫) এবং ফান্দাউক ইউনিয়নের অটোরিকশাচালক সুহেল মিয়া (৫৫)।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, রবিবার (২০ জুলাই) বিকেলে বাহাউদ্দিন বাড়ির আঙিনায় গাছের ডাল কাটছিলেন। এ সময় বিদ্যুতের একটি তারের উপর ডাল ছিটকে পড়লে তার ছিঁড়ে নিচে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর বাহাউদ্দিন ছেঁড়া তারটিতে বিদ্যুৎ সংযোগ আছে কিনা তা পরীক্ষা করতে যান। ঠিক তখনই বিদ্যুৎ চলে এলে তিনি তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সোমবার (২১ জুলাই) সকালে ঘটে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা। অটোরিকশাচালক সুহেল মিয়া সকালে নিজের অটোরিকশা চার্জ দেওয়ার সময় তার শিশু নাতি খেলতে খেলতে অটোরিকশার খোলা বৈদ্যুতিক তারে হাত দিতে যাচ্ছিলো। নাতিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে সুহেল মিয়া দ্রুত তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কিন্তু নাতিকে বাঁচালেও তিনি নিজে রক্ষা পাননি। অসাবধানবশত তার হাত বিদ্যুৎস্পৃষ্ট হলে তিনি গুরুতর আহত হন। তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সুহেলের স্ত্রী শিল্পী বেগম বলেন, ‘আমার স্বামী নাতিটারে বাঁচাইতে গিয়াই নিজে মইরা গেল।’

দুটি মৃত্যুর ঘটনাই নিশ্চিত করেছেন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জীবন চন্দ্র দাস। তিনি জানান, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছিল।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত