উত্তরার দুর্ঘটনায় বিমান ফিট ছিল কি না, তদন্তের দাবি গয়েশ্বরের

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০২:৫৮ পিএম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন এলাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় কোনো ক্রুটি-বিচ্যুতি ছিল কি না এবং সেটি প্রশিক্ষণের উপযোগী ছিল কি না—এসব প্রশ্নের তদন্ত করে জনসমক্ষে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এই দাবি জানান। দুর্ঘটনায় হতাহতদের স্মরণে এই আয়োজন করা হয়।

গয়েশ্বর বলেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ঘটনা অপূরণীয় ক্ষতি। প্রশ্ন হলো—একটি প্রশিক্ষণ বিমানের কার্যক্রম এমন জনবহুল এলাকায় কীভাবে পরিচালিত হয়? এর জবাব কোথায়?’

তিনি আরও বলেন, ‘বিমানটি ওড়ার উপযোগী ছিল কি না, তা পরীক্ষা করা হয়েছিল কি না, সেই উত্তর জাতি জানতে চায়। হয়তো উত্তর পাওয়া যাবে, কিন্তু যাদের হারালাম, তাদের তো আর ফেরত পাওয়া যাবে না। বিমানটির কোনো ত্রুটি-বিচ্যুতি ছিল কি না, তা পরিষ্কারভাবে জানাতে কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।’

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পরিচালনায় আয়োজিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, জাসাসের হেলাল খান ও জাকির হোসেন রোকন, ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিবসহ আরও অনেকে।

দোয়া মাহফিল শেষে মাইলস্টোন স্কুলের হতাহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এদিন ভোরে জাতীয় শোক দিবস উপলক্ষে বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। একইসঙ্গে জাতীয়তাবাদী যুব দলের উদ্যোগে কার্যালয়ের সামনে আহতদের সহায়তায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। যুবদলসহ বিএনপির নেতাকর্মীরা এতে অংশ নেন ও রক্ত দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত