১৬ মাস পর কোর্টে ফিরে জয় ৪৫ বছর বয়সী ভেনাস উইলিয়ামসের

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৬:০২ পিএম

প্রায় ১৬ মাস পর প্রতিযোগিতামূলক টেনিসে ফিরে দুর্দান্তভাবে নিজের জাত চিনিয়ে দিলেন ভেনাস উইলিয়ামস। ডিসি ওপেনে হেইলি ব্যাপটিস্টের সঙ্গে জুটি বেঁধে নারীদের ডাবলসে কোয়ার্টার ফাইনালে উঠেছেন এই টেনিস কিংবদন্তি।

অল আমেরিকান জুটি শেষ ষোলোতে ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন ক্লার্ভি এনগুনোয়ে এবং বিদায়ী তারকা ইউজেনি বুশার্ডকে। এটাই ছিল উইলিয়ামসের ২০২৩ সালের আগস্টের পর ডব্লিউটিএ ট্যুরে প্রথম জয়। সেবার সিনসিনাটি ওপেনে প্রথম রাউন্ডে ভেরোনিকা কুডারমেতোভার বিপক্ষে জয় পেয়েছিলেন তিনি।

ম্যাচ শেষে ৪৫ বছর বয়সী ভেনাস তার চিরচেনা ‘টুইর্ল’—কোর্টে ঘুরে দাঁড়িয়ে অভিবাদনের ভঙ্গি—দিয়ে গ্যালারিভর্তি দর্শকদের অভিবাদনের জবাব দেন।

ভেনাস বলেন, “খেলার সুযোগ পাওয়া দারুণ লাগছে। গত বছর আমি যে অবস্থায় ছিলাম, এখন তার সঙ্গে কোনো তুলনাই চলে না। গত বছর অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছিলাম, আর এখন টুর্নামেন্টে খেলার প্রস্তুতি নিচ্ছি—এ যেন দিন-রাতের পার্থক্য।”

ভেনাস এ মাসের শুরুতে এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি জরায়ুতে থাকা ফাইব্রয়েড অপসারণের জন্য অস্ত্রোপচার করিয়েছেন। এ সমস্যাটি বছরের পর বছর ধরে তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেছিল।

তিনি আরও বলেন, “দিনশেষে স্বাস্থ্য না থাকলে আর কিছুই অর্থবহ হয় না। তাই এই অভিজ্ঞতা আমাকে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। সম্ভবত এ কারণেই আবার ফিরে আসা এবং আরও স্বাধীনভাবে খেলার সিদ্ধান্ত নেওয়া আমার জন্য সহজ হয়েছে।”

এটাই ছিল ভেনাসের মার্চ ২০২৪-এ মায়ামি ওপেনে ডায়ানা শ্নাইডারের কাছে হারের পর প্রথম অফিসিয়াল ম্যাচ। ডাবলসে তার আগের ম্যাচটি ছিল প্রায় তিন বছর আগে।

বর্তমানে একক বা ডাবলস—কোনোটিতেই তার কোনো র‍্যাঙ্কিং নেই। কিন্তু তার কেরিয়ারে রয়েছে সাতটি গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা, ছোট বোন সেরেনা উইলিয়ামসের সঙ্গে ১৪টি ডাবলস শিরোপা, এবং ১৯৯৮ সালে দুটি মিক্সড ডাবলস ট্রফি।

জয়ের পর হেসে ভেনাস বলেন, “ম্যাচের প্রথম পয়েন্ট থেকেই বোঝা যাচ্ছিল আমরা ভালো একটা দল হতে যাচ্ছি। আমাদের আরও আগে একসঙ্গে খেলা উচিত ছিল, তাই না? মনে হচ্ছে, সেরেনা-ই বোধহয় মাঝখানে বাধা হয়ে ছিল!”

ভেনাস এবারের ডিসি ওপেনে একক ও ডাবলস—দুই বিভাগেই ওয়াইল্ড কার্ডে অংশ নিয়েছেন। এককে তার প্রত্যাবর্তন হবে মঙ্গলবার, যেখানে তিনি মুখোমুখি হবেন আমেরিকান পেইটন স্টার্নসের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত