সাহসী শিক্ষিকা মাহেরীনের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১০:৫২ এএম

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। বুধবার (২৩ জুলাই) রাতে নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী গ্রামে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মমিনুল ইসলাম, জলঢাকা থানার ওসি আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেনসহ বিমান বাহিনীর জেসিও পদবির সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় শিক্ষিকার স্বামী মনছুর আলী হেলাল, দুই সন্তান আয়ান রহীদ মিয়াদ চৌধুরী ও আদিল রহীদ মাহিব চৌধুরীও উপস্থিত ছিলেন। বিমান বাহিনীর প্রতিনিধি দল মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত শিক্ষিকা মাহেরীন চৌধুরী। নিজের জীবন উৎসর্গ করে যেভাবে তিনি কোমলমতি শিক্ষার্থীদের সহায়তা করেছেন, তা চিরকাল সবার হৃদয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

এর আগে সকাল ১১টায় সাহসী শিক্ষিকা মাহেরীন চৌধুরীর কবরে শ্রদ্ধা জানিয়েছেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, মাহেরীন চৌধুরীর সাহসিকতা আমাদের গর্বিত করেছে। তার আত্মত্যাগ এই প্রজন্মের জন্য একটি অনন্য দৃষ্টান্ত।

পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান বলেন, তিনি ছিলেন মানবিক, সাহসী ও অনুকরণীয় একজন শিক্ষক। তার আত্মত্যাগ সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন, জলঢাকা থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।

উল্লেখ, সোমবার (২১ জুলাই) দুপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহেরিন চৌধুরী নিজের জীবন বিপন্ন করে অন্তত ২০ শিক্ষার্থীর প্রাণ রক্ষা করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৪টায় তাকে চির নিদ্রায় শায়িত করা হয় গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত