ফেনীর পরশুরাম উপজেলার বাসপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন মিল্লাত হোসেন (২১) নামের এক বাংলাদেশি যুবক। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন মো. আফছার (৩১) নামের আরেকজন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গুথুমা বিওপির আওতাধীন ২১৬৪/৩এস পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী বিজিবি ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন। তিনি জানান, গুলিবর্ষণের খবর পাওয়ার পর বিজিবি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হবে।
নিহত মিল্লাত হোসেন ফেনী পৌরসভার বাসপদুয়া এলাকার ইউছুফ মিয়ার ছেলে। আহত আফছার একই এলাকার বাসিন্দা, তাঁর পিতা মৃত এয়ার আহম্মদ।
স্থানীয়দের বরাতে জানা যায়, গতকাল রাতে মিল্লাত ও আফছার ভারতের ভেতরে তারকাটা সীমান্তের দিকে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়।
বিজিবি অধিনায়ক মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বাসপদুয়া সীমান্ত এলাকায় চোরাকারবারির প্রবণতা রয়েছে। বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক আহত ও নিহত হওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং এ বিষয়ে যথাযথ কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে।
গাজায় মৃতের সংখ্যা ছাড়াল ৫৯ হাজার ৫০০