ইসরায়েলি বাহিনীর টানা আক্রমণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ৮৯ জন ফিলিস্তিনি। এর ফলে অঞ্চলটিতে ইসরায়েলের আগ্রাসনে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ৫৮৬ জনে।
গতকাল বৃহস্পতিবার রাতে বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন আরও অন্তত ৪৫৩ জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে জানানো হয়, গাজায় চলমান হামলাকে তারা ‘গণহত্যামূলক আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে ৮৯টি মৃতদেহ আনা হয়েছে। পাশাপাশি আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন ৪৫৩ জন। তবে বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন কিংবা রাস্তায় পড়ে আছেন, যাদের কাছে উদ্ধারকারীরা এখনো পৌঁছাতে পারছেন না।
একই সময়ের মধ্যে ২৭৯ জন নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করে সরকারি তালিকায় যুক্ত করা হয়েছে, যার ফলে মৃতের সংখ্যা হঠাৎ বেড়েছে বলে জানানো হয়। মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টাকালে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ২৩ জন নিহত ও অন্তত ৬৮ জন আহত হয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৮৩ জন এবং আহত হয়েছেন ৭ হাজার ২৭৫ জনের বেশি।
উল্লেখ্য, চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েল নতুন করে পূর্ণমাত্রায় হামলা শুরু করে, যার ফলে জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি ভেঙে যায়। ওই সময় থেকে নতুন করে নিহত হয়েছেন ৮ হাজার ৪৪৭ জন এবং আহত হয়েছেন আরও ৩১ হাজার ৪৫৭ জন।
গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলমান রয়েছে।
খুলনায় বিএনপির রাজনীতিতে নতুন চমক পারভেজ মল্লিক