বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৫ জুলাই বাদ জুম্মা শহরের চাষাঢ়া বাগে জান্নাত জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি কামাল উদ্দিন দায়েমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম জেলা শাখার সেক্রেটারি মাওলানা ফেরদাউসুর রহমান, সহ সাধারণ সম্পাদক মুফতী হারুনুর রশিদ, মহানগরের সেক্রেটারি মাওলানা মনোয়ার হোসেনসহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে জাতিসংঘের কার্যালয়ে স্থাপন রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, অভ্যন্তরীণ নীতিনির্ধারণ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশের আত্মমর্যাদার জন্য হুমকিস্বরূপ। বিশ্বব্যাপী মুসলমানরা প্রতিনিয়ত ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন। আমরা কখনো কখনো ভারতের আগ্রাসনে আবারো কখনো কখনো আমেরিকার আগ্রাসনের শিকার। আমাদের ঘুমন্ত অবস্থায় রেখে আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে। অবিলম্বে জাতিসংঘের কার্যালয় বাংলাদেশে বন্ধ করতে হবে।
