এবি পার্টি চেয়ারম্যান

ফ্যাসিবাদবিরোধী দলগুলো দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৬:৪২ পিএম

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর রাজনীতির মাঠে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা দলগুলো এখন পারস্পরিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। এই দ্বন্দ্বে একদিকে আছে বিএনপি, আরেক দিকে জামায়াতে ইসলামী। তাদের এই দ্বন্দ্বের কারণে ফ্যাসিবাদী গোষ্ঠী পুনরায় ফিরে আসার পথ সুগম হবে। 

শুক্রবার (২৫ জুলাই) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

মজিবুর রহমান মঞ্জু বলেন, সাম্প্রতিক সময়ে আমরা দেখছি কিছু কিছু নেতা তাদের বক্তব্যে শ্লোগানে রাজনৈতিক শালীনতা বা শিষ্টাচারেরও সীমা অতিক্রম করছে। বিশ্লেষকরা মনে করছেন, আগামী জাতীয় নির্বাচন ও ক্ষমতার রাজনীতিকে কেন্দ্র করে এই কাদা-ছোড়াছুঁড়ি বাড়ছে।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, নির্বাচন সামনে রেখে বিএনপির বিপরীতে একটি নির্বাচনী জোট বা সমঝোতার প্রচেষ্টা চলছে। এমন একটি পরিস্থিতিতে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন বা যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তাদের কেউ কেউ ভেতরে-ভেতরে দুই শিবিরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে বলে জানা গেছে। দলগুলোর মধ্যে এমন বিভেদের জেরে ফ্যাসিবাদী শক্তির ফিরে আসার পথ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবি পাটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, মহাগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট ছৈয়দ আবুল কাসেম প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠ চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি মুস্তফা নঈম। 

গণহত্যা, গুম, খুন, লুটপাট এবং দেশ ও জাতিকে ধ্বংসের পরও যারা গলা উঁচু করে কথা বলে তাদের কপালে দুঃখ ছাড়া আর কিছু নেই মন্তব্য করে মজিবুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগকেও রিকনসিলিয়েশন করা যায় তবে তার আগে তাদেরকে ভুল স্বীকার করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। 

তিনি বলেন, ফ্যাসিবাদের কবলে পড়ে নির্যাতন আর নিষ্পেষণের যাঁতাকলে পিষ্ট হয়েছিল সাংবাদিক সমাজ। অন্যদিকে দুর্নীতিবাজ রাজনীতিবিদদেরকে শেল্টার দিত দলকানা সাংবাদিকেরা। সাধারণ জনতাকে গুলি করতে উৎসাহ দিত এই সাংবাদিকেরা। আমাদের ভুলের কারণে যাতে ফ্যাসিবাদের উত্থান না হয় সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত