ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুটের ব্যাট নিরন্তর হেসে চলছে। একের পর এক ম্যাচে ধারাবাহিকভাবে তিনি রান করে যাচ্ছেন। চলতি ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ২৪৮ বলের ১৪ চারে খেলেছেন ১৫০ রানের ইনিংস। প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৪৪ রান তোলা ইংল্যান্ড লিড নিয়েছে ১৮৬ রানের। দেড়শ রানের এক ইনিংসেই বেশ কয়েকটি রেকর্ডে নাম লিখিয়েছেন ইংল্যান্ডের সফলতম টেস্ট ব্যাটসম্যান জো রুট।
টেস্ট ক্রিকেটে রুটের রান এখন ১৩ হাজার ৪০৯, ক্রিকেটের অভিজাত সংস্করণে যা দ্বিতীয় সর্বোচ্চ। ১৫ হাজার ৯২১ রান নিয়ে তার ওপরে আছেন কেবল শচীন টেন্ডুলকার। সেইসঙ্গে ৩৮টি সেঞ্চুরি করে তিনি শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার সঙ্গে যৌথভাবে টেস্টে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন। তার ওপরে আছেন রিকি পন্টিং (৪১), জ্যাক ক্যালিস (৪৫) ও শচীন টেন্ডুলকার (৫১)।
এই নিয়ে রুটের পঞ্চাশ ছোঁয়া ইনিংস হলো ১০৪টি, টেস্ট ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ। ১১৯ বার পঞ্চাশোর্ধ ইনিংস খেলে এই রেকর্ডেও চূড়ায় আছেন টেন্ডুলকার। ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি ১২টি টেস্ট সেঞ্চুরির মালিক এখন জো রুট। পেছনে পড়ে গেলেন ১১টি সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। অবশ্য কোনো একটি দলের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড স্মিথের সাথে যৌথভাবে তিন নম্বরে আছেন রুট। সাবেক অজি অধিনায়ক ইংল্যান্ডের বিপক্ষে ১২টি সেঞ্চুরি করেছেন।
ভারতের বিপক্ষে রুটের ১২ সেঞ্চুরির ৯টি ঘরের মাঠে। দেশের মাঠে কোনো একটি দলের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে তিনি ডন ব্র্যাডম্যানকে (৮টি) ছাড়িয়ে চূড়ায় বসলেন রুট। ঘরের মাঠে টেস্টে রুটের সেঞ্চুরি হলো ২৩টি, এক্ষেত্রে যা টেস্ট ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ। ঘরের মাঠে ২৩টি করে সেঞ্চুরি আছে আরও তিন জনের- মাহেলা জয়াবর্ধনে, জ্যাক ক্যালিস এবং রিকি পন্টিংয়ের। শচীন এবং সাঙ্গাকারার আছে ২২টি করে।
সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রুটের সেঞ্চুরি হলো ৫৬টি। এই তালিকায় তিনি ছাড়িয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলাকে (৫৫)। তার ওপরে আছেন জ্যাক ক্যালিস (৬২), কুমার সাঙ্গাকারা (৬৩), রিকি পন্টিং (৭১), বিরাট কোহলি (৮২) ও শচীন টেন্ডুলকার (১০০)। একইসঙ্গে ২০ নম্বর সেঞ্চুরিতে রুটের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও সমৃদ্ধ হলো। এই রেকর্ডে রুটের পর ১৩টি সেঞ্চুরি আছে স্টিভেন স্মিথের।
নিষেধাজ্ঞায় বিপর্যস্ত মেসি; মায়ামি মালিকের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
খালেদ মাহমুদের জন্মদিনে জানুন দেশের ক্রিকেটে তার অবদান
হোপের ৫৭ বলে সেঞ্চুরির জবাবে ডেভিডের ৩৭ বলে সেঞ্চুরি
ঘরের মাঠে নিষিদ্ধ হওয়ার মুখে কোহলির বেঙ্গালুরু!