মাইলস্টোনের শিক্ষিকা মাহরিনের কবরে বিজিবি ও শিক্ষার্থীদের ফুলেল শ্রদ্ধা

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৩:১৭ পিএম

বীরত্বপূর্ণ অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রয়াত শিক্ষিকা মাহরিন চৌধুরীর কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রংপুর, নীলফামারী ও ঠাকুরগাঁওয়ের বিজিবি সদস্যরা এবং বর্ডার গার্ড স্কুল ও কলেজের শিক্ষার্থীরা শনিবার (২৬ জুলাই) সকালে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় মাহরিন চৌধুরীর আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিজিবি সেক্টর কমান্ডার গোলাম রব্বানী বলেন, মাহরিন ম্যামের আত্মত্যাগ জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। শিক্ষার্থীদের জীবন বাঁচাতে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। এই মহান শিক্ষিকার প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে আজকের এই অনুষ্ঠানের আয়োজন।

রংপুর বর্ডার গার্ড স্কুলের শিক্ষার্থী আসিফ বলেন, মাহরিন ম্যাম ছিলেন আমাদের জন্য অনুকরণীয় আদর্শ। তিনি প্রমাণ করেছেন, শিক্ষকরা শুধু জ্ঞানই দেন না, প্রয়োজনে শিক্ষার্থীদের জন্য জীবনও দিতে পারেন। 

ঠাকুরগাঁও বর্ডার গার্ড স্কুলের সাইফ যোগ করেন, তাঁর মতো শিক্ষকরা সমাজে মূল্যবোধ জাগিয়ে রাখেন। আমরা তাঁকে আজীবন স্মরণ করব।

উল্লেখ্য, গত ২১ জুলাই (সোমবার) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় ৮০% দগ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মাহরিন চৌধুরীর মৃত্যু হয়। শিক্ষার্থীদের নিরাপদে উদ্ধার করতে গিয়েই আত্মত্যাগ করেন তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত