মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির ৪টি ইউনিয়ন শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। কমিটিকে 'অবৈধ' এবং 'আওয়ামী লীগের দালালদের কমিটি' আখ্যা দিয়ে দলের একটি অংশ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে। অবিলম্বে এই কমিটি বিলুপ্ত করে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন তারা।
আজ শনিবার (২৬ জুলাই) বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভা স্থলে অংশগ্রহণ করেন।
গজারিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা নবগঠিত ৪টি ইউনিয়ন বিএনপি কমিটির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং কমিটি বাতিলের জন্য জেলা ও কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, দলের দুঃসময়ের কর্মীদের মূল্যায়ন না করে সুবিধাবাদী ও আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠজনদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
তারা বলেন, যেখানে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে বিএনপি নেতাকর্মীরা জেল-জুলুমের শিকার হয়েছেন, সেখানে আওয়ামী লীগের দালালদের নিয়ে গঠিত কমিটি আমরা মেনে নিতে পারি না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমিটি বাতিল না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম মাসুম, জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু,গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, গজারিয়া যুবদলের সদস্য সচিব নাজির সিকদার, কৃষকদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া কলিম উল্লাহ অনার্স কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি নূরুল আমিন সরকার, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পান্নু, গজারিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া, আমিনুল ইসলাম উজ্জ্বল, ছাত্রদলের নেতা ইপু প্রধানসহ একাংশ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ বিষয়ে জানতে গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকুল্লা ফরিদ ও সদস্য সচিব আব্দুর রহমান শফিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য জানা যায়নি।
লালমনিরহাটে নিজের ভিটা রক্ষা করতে গিয়ে জীবন গেল বৃদ্ধার
ব্যাংকের ৮০ শতাংশ টাকা নিয়ে চলে গেছে: অর্থ উপদেষ্টা