গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় আরো ১ হত্যা মামলা, মোট মামলা ১২

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৭:১৯ পিএম

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় আরো একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে সদর থানায় ৫টি হত্যা মামলা সহ মোট ১ ডজন মামলা দায়ের করা হলো।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, আজ শনিবার সংঘর্ষ চলাকালে গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রমজান মুন্সীর ভাই জামাল মুন্সী বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে গোপালগঞ্জ সদর থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন।

এ নিয়ে জেলার সদর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া থানায় মোট ১ ডজন মামলা দায়ের করা হলো। এর মধ্যে হত্যা মামলা ৫টি, বিশেষ ক্ষমতা আইনে মামলা ১টি ও সন্ত্রাস দমন আইনে ৬টি মামলা রয়েছে। এসব মামলায় মোট ১০ হাজার ১৮৩ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৩২৩ জনকে।

গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভা ভন্ডুল করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শত-শত নেতাকর্মি হামলা চালায়। পরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। দিনভর চলা সংঘর্ষে ৫ জন নিহত ও পুলিশ সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত