দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ উইকেটের জয় যুবাদের

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৭:৪৩ পিএম

হারারেতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১২৯ রান তাড়া করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল নবম উইকেট হারায় দলীয় ১০৯ রানে। জয় থেকে তখনও ২০ রান দূরে বাংলাদেশ। তবে এরপর দলকে জয়ের বন্দরে পৌঁছানোর পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন সামিয়ুন বশির। শেষ পর্যন্ত ৭ চার ও ১ ছক্কায় ৩৯ বলে অপরাজিত ৪৫ রান করে দলকে জয় এনে দেন। বাংলাদেশ ম্যাচটি জেতে ১ উইকেটে।

৫০ ওভারের ম্যাচে লক্ষ্যটা বড় না হলেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশও। দলীয় ২১ রানে ফেরেন জাওয়াদ আবরার (২০)। আরেক ওপেনার রিফাত বেগ এবং অধিনায়ক আজিজুল হাকিম তামিম করেন ৫ রান করে। রিজান হোসেনও ব্যক্তিগত ২ রান করে ফিরলে চাপের মুখে পড়ে বাংলাদেশ। দলের স্কোর তখন ৩৫ রানে ৪ উইকেট।

মোহাম্মদ আব্দুল্লাহ চাপ কাটানোর চেষ্টা করেন। তবে আব্দুল্লাহও (১৪) দ্রুতই আউট হন। ফারিদ হাসান (৮), আল ফাহাদ (১১), দেবাশীষ দেবারা (৬) ছিলেন আসা-যাওয়ার মধ্যে। এক প্রান্ত আগলে রাখেন বশির। কিন্তু ইমন (৫) ফিরলে জয় নিয়ে শঙ্কায় পড়ে বাংলাদেশ। কারণ হাতে আর মাত্র একটি উইকেট। তবে শেষ ব্যাটার স্বাধীনকে স্ট্রাইক না দিয়ে পরবর্তী ১০ বলের মধ্যে জয় নিশ্চিত করেন বশির।

আগের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রানের ইনিংস খেলা জুরিখ ভ্যান স্কালভিককে ব্যক্তিগত ১০ রানে আউট করেন আল ফাহাদ। ফাহাদের বলে ফরিদ হাসানকে ক্যাচ দেন স্কালভিক। ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন আমান মানাক। এছাড়া পল জেমস করেন ২৬ রান। দানিয়েল বোসমান অপরাজিত ছিলেন ২৪ রানে। আল ফাহাদ ৩২ রানে নেন ৪ উইকেট। দুটি করে উইকেট নেন সামিউন বশির ও স্বাধীন ইসলাম।

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ২-১ এ জিতেছিল বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে সোমাবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল মুখোমুখি হবে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত