বাবার সামনে ছেলের প্রাণ কেড়ে নিলো বেপরোয়া ট্রাক

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৮:৫৩ এএম

গুলিস্তানে বাবার চোখের সামনেই বেপরোয়া এক ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে প্রান্ত পাল (১৬) নামে এক কিশোরের।

শনিবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে পল্টন থানাধীন বঙ্গভবন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সন্তানকে হারিয়ে হতবিহ্বল হয়ে পড়েন বাবা উজ্জ্বল পাল। তিনি বলেন, আমি নিউমার্কেট এলাকায় ঝালমুড়ি বিক্রি করি। সেখানে ছেলেও আমাকে সাহায্য করে। রাতে দুটি বাইসাইকেলে করে দুজন শ্যামপুরের বাসায় ফিরছিলাম। প্রান্ত আমার সামনে ছিল। বঙ্গভবন মোড়ে পৌঁছাতেই হঠাৎ পেছন দিক থেকে আসা একটি ট্রাক ওর সাইকেলে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উজ্জ্বল পালের গ্রামের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোনাকরকাঠি এলাকায়। বর্তমানে পরিবার নিয়ে শ্যামপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। প্রান্ত তাদের একমাত্র সন্তান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত