আলী রীয়াজ

জুলাই সনদের খসড়া সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১১:৫৬ এএম

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, জুলাই সনদের খসড়া আগামীকাল সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। 

রবিবার (২৭ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের বৈঠক শুরু হলে তিনি এ তথ্য জানান।

আলী রীয়াজ বলেন, আজকের আলোচনায় রাষ্ট্রপরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণের প্রস্তাব এবং পুলিশ কমিশন নিয়ে কথা হবে। এ ছাড়া অন্যান্য অমীমাংসিত বিষয়েও আলোচনা করা হবে।

তিনি আরও বলেন, ২০টি বিষয়ের মধ্যে ইতিমধ্যে ১০টিতে নোট অব ডিসেন্টসহ একমত হয়েছে দলগুলো। সাতটি বিষয়ে এখনও ঐক্যমত হয়নি। বাকি তিনটি বিষয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হবে। আজকের সংলাপ রাত ১০টা পর্যন্ত চলবে।

নাগরিক অধিকার সম্প্রসারণে সব দল একমত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামীকাল সনদের খসড়া দলগুলোর কাছে পাঠানো হবে। পরে স্বাক্ষরের জন্য দিনক্ষণ ঠিক করা হবে।

সহ-সভাপতি আরও জানান, যেকোনো মূল্যে ৩১ জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়ে দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করতে চায় কমিশন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত