মালয়েশিয়ায় থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধবিরতি আলোচনা শুরু

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৩:৫০ পিএম

আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তির আহ্বান সত্ত্বেও পঞ্চম দিনেও থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষ অব্যাহত রয়েছে। এ অবস্থায় সংঘর্ষ নিরসনের জরুরি প্রচেষ্টার অংশ হিসেবে মালয়েশিয়ায় দুই দেশের নেতাদের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে।

সোমবার (২৮ জুলাই) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকারি বাসভবনে এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে। বৈঠকে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট উপস্থিত রয়েছেন।

থাইল্যান্ড সরকারের বক্তব্য, আসিয়ান জোটের বর্তমান চেয়ার মালয়েশিয়ার আমন্ত্রণে তারা এই আলোচনায় অংশ নিচ্ছে। অন্যদিকে, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেছেন, যুক্তরাষ্ট্র এই বৈঠকের সহ-আয়োজক এবং চীনও এতে অংশ নিচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, শান্তিপ্রচেষ্টায় সহায়তার জন্য তার দপ্তরের কর্মকর্তারা মালয়েশিয়ায় রয়েছেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি বিশ্বাস করেন, দুই দেশের নেতারাই সংঘাত সমাধান চান। রুবিও এক বিবৃতিতে বলেন, আমরা চাই, যত দ্রুত সম্ভব এই সংঘাত শেষ হোক।

গত মে মাসের শেষে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষে এক কম্বোডিয়ান সেনা নিহত হন। এরপর থেকে উত্তেজনা বাড়তে থাকে। গত বৃহস্পতিবার নতুন করে সংঘাত শুরু হয়, যা গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নেয়।

কূটনৈতিক সংকটের মধ্যে দুই পক্ষ সীমান্তে সেনা বাড়ায়। এই পরিস্থিতি থাইল্যান্ডের নাজুক জোট সরকারকে প্রায় পতনের দিকে ঠেলে দিয়েছে। এ পর্যন্ত সংঘাতে ৩০ জনের বেশি নিহত হয়েছেন, যার মধ্যে ২০ জনই বেসামরিক। সীমান্ত এলাকা থেকে দুই লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত