অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সিইসি নুরুল হুদার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৪:২৯ পিএম

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে কর্মশালার নামে সাড়ে ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করেছে। 

সোমবার (২৮ জুলাই) দুদকের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত নুরুল হুদার জামিন আবেদন নামঞ্জুর করেন। শেরেবাংলা নগর থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহিতা ও নির্বাচন অনিয়মের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। আদালতে তার পক্ষে জামিন চেয়ে আবেদন করেছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব। তবে শুনানি শেষে বিচারক জামিন দেননি।

গত ১ জুলাই ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে জবানবন্দি দেন নুরুল হুদা।

উল্লেখ্য, গত ২২ জুন সন্ধ্যায় বিএনপির এক মামলায় নুরুল হুদাকে গ্রেফতার দেখায় পুলিশ। এর আগে একদল লোক তাকে হেনস্তা করে পুলিশের হাতে তুলে দেয়। বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন খান প্রহসনের নির্বাচনের অভিযোগে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। এ মামলায় ২৪ জনের নাম উল্লেখ করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত