জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজ বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানে বিভিন্ন সংস্কৃতিকর্মীসহ অনেক সাংবাদিকদের ভূমিকা ছিল। কিন্তু দুঃখজনক বিষয় হলো অনেক সংস্কৃতিকর্মী আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করেছেন। তারা তাদের দায়িত্ব ভুলে ফ্যাসিবাদের সহযোগিতা করেছেন।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ট্র্যাব আয়োজিত ‘চব্বিশের গণঅভ্যুত্থানে সংস্কৃতিকর্মীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কামাল উদ্দিন সবুজ বলেন, সংস্কৃতির বিকাশের জন্য মুক্ত গণমাধ্যমের প্রয়োজন। বিগত সময়ে কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। আমরা আশা করি, বাংলাদেশে নতুন যে অবস্থান তৈরি হয়েছে, সেখানে সংস্কৃতির বিকাশ ঘটবে। বাংলাদেশে যে একটা অসুস্থ ধারা ছিল, সেখান থেকে সংস্কৃতিকর্মীরা বেরিয়ে আসবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান ও সম্প্রচার) তাশিক আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি কামরুল হাসান দর্পণ, জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শামীমা আক্তার রুবি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড ও উইমেন অ্যান্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন আনোয়ারা বেগম নিপা।
এছাড়াও দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, জনপ্রিয় তারকাশিল্পী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
