ধর্ম উপদেষ্টা

তাবলিগের দুই পক্ষের বিবাদ মেটাতে কমিটি হচ্ছে

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৫:৩৭ পিএম

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন তাবলিগ জামাতের দুটি পক্ষের মধ্যকার বিরোধ মেটাতে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। 

আজ বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে তাবলিগের দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে এই কমিটি গঠন করা হবে। কমিটিতে উভয় পক্ষ তাদের প্রতিনিধি রাখবেন। আশা করি, এই কমিটির মাধ্যমে উভয় পক্ষ একটি সমঝোতায় পৌঁছাতে পারবে এবং ভবিষ্যতে সংঘাতের পথ বন্ধ হবে। আমরা এটাই চাই।

তিনি আরও বলেন, তাবলিগ জামাতের দুই পক্ষ দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে বৈঠক করতে চাইছিলেন, কিন্তু সময় দিতে পারছিলাম না। আজ তাদের সঙ্গে আলাদা আলাদা সময়ে বৈঠক নির্ধারিত ছিল, তবে আমরা একসঙ্গে বসি। বৈঠকে দুই পক্ষের মুরব্বিরা উপস্থিত ছিলেন।
তিনি উল্লেখ করেন, দুই পক্ষের মধ্যে কিছু সমস্যা রয়েছে, সেগুলো সহনীয় পর্যায়ে আনার জন্য আমরা সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেছি। আগামীতেও তাদের সঙ্গে আরও বৈঠক হবে। গত বছর একটি হত্যাকাণ্ড ঘটেছে, এমন পরিস্থিতি যাতে আবার না ঘটে, সে জন্য আমরা উভয় পক্ষের সহযোগিতা চেয়েছি।

খালিদ হোসেন বলেন, ২০২৪ সালে আমরা বারবার বৈঠক করলেও উভয় পক্ষ একসঙ্গে বসতে রাজি হননি। এবারই প্রথম তারা দুজন উপদেষ্টার সঙ্গে একত্রে আলোচনা করলেন।

তাবলিগের দুই গ্রুপ একসঙ্গে ইজতেমা করবেন কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখনো সে পর্যায়ে পৌঁছাইনি। এটি আলোচনার বিষয়।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া মাওলানা সাদ কান্ধলভী পন্থীর মাওলানা সৈয়দ ওয়াসিফুল ইসলাম ও জুবায়ের পন্থীর মাওলানা মামুনুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দও বৈঠকে অংশ নেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত