চাঁদপুরে চোরাই ৬ মোটরসাইকেল উদ্ধার, চক্রের ৩ সদস্য আটক

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৪:১৪ পিএম

চাঁদপুরে পুলিশের অভিযানে ৬টি চোরাই মোটর সাইকেল উদ্ধার এবং জড়িত চোর চক্রের ৩ সদস্যকে আটক হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে চাঁদপুর সদর মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: লুৎফুর রহমান।

আটক চোর সদস্যরা হলেন- ফরিদগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড কাচিয়াড়া পশ্চিম পাঠান বাড়ির রাফসান ইসলাম নিলয় (২০),  রূপসা ইউনিয়নের বারো পাইকা গ্রামের মো. ইয়ামিন (২১) ও সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজ গাছতলা বাদামতলী খান বাড়ীর আব্দুস সালাম (২৬)। ে

পুলিশ সূত্রে জানা যায়, ৩০ জুলাই বিকেলে সদর মডেল থানা পুলিশ শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুজন মোটরসাইকেল চোরকে চুরি করা মোটরসাইকেলসহ আটক করে। তাদের জিজ্ঞাসা বাদে চুরিতে জড়িত রাফসান ও ইয়ামিনের সন্ধান পাওয়া যায়। তাদের জিজ্ঞাসাবাদে এসব মোটরসাইকেল চুরির সাথে জড়িত নিজ গাছতলা এলাকার সালাম মটরস এ আব্দুস সালামের সন্ধান মিলে। তিনি চোরাইকৃত মোটরসাইকেল তার গ্যারেজে সংরক্ষণ করতেন।

আটক চোর চক্রের সদস্যরা পুলিশকে জানান, তারা লক্ষ্মীপুর, কুমিল্লাসহ আশপাশের এলাকা থেকে অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যদের কাছ থেকে এসব মোটরসাইকেল ক্রয় করতেন। এর মধ্যে অধিকাংশ মোটরসাইকেলের নিবন্ধন নেই। 

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান বলেন, বুধবার বিকেলে মডেল থানা পুলিশ প্রথমে শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য নিলয় ও ইয়ামিনকে আটক করে। তাদের দেয়া তথ্যে চোরাই মোটরসাইকেলগুলো নিজগাছতলা সালামের গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। সালাম চোরাই মোটরসাইকেলের ব্যবসা করে। তাকেও আটক করা হয়েছে। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত