ময়মনসিংহে জয়নুল উদ্যানের মিনি চিড়িয়াখানা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৭:৩৬ পিএম

ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদিন উদ্যানের ভেতরে মিনি চিড়িয়াখানা ও শিশুপার্ক গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

দুপুরে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলামসহ তিনজন ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন। এতে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস, আনসার ও বন বিভাগের লোকজন এতে অংশ নেন। পাশাপাশি জয়নুল উদ্যান এলাকায় ভ্রাম্যমাণ দোকানপাটও উচ্ছেদ করা হয়।

সূত্রে জানা গেছে, জয়নুল আবেদিন উদ্যানে মিনি চিড়িয়াখানা ও পাশে শিশুপার্কের ভূমি ইজারার চুক্তিপত্র বাতিল করে গত ২৬ জুন ইজারা গ্রহীতা মো. সেলিম মিয়াকে চিঠি দেয় ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে সেখানকার অবকাঠামো ও পশুপাখি নিজ হেফাজতে সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়।

এর আগে মো. সেলিম মিয়াকে ২০১৪ সালের ৩০ জুন তৎকালীন পৌরসভা মিনি চিড়িয়াখানাটি ১০ বছরের জন্য ইজারা দেয়। ২০২৪ সালের ৩০ জুন ইজারার চুক্তির মেয়াদ শেষ হয়। একইসঙ্গে নিয়মিত মাসিক ভাড়া না দিয়ে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল, যা চুক্তিপত্রের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়। ওই অবস্থায় ইজারা বাতিল করে মিনি চিড়িয়াখানা ও শিশুপার্ক অপসারণের সিদ্ধান্ত নেয় সিটি করপোরেশন।

উল্লেখ্য, ইজারা গ্রহীতা মো. সেলিম মিয়া নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নগরীর ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমানের শ্যালক। সেলিম মিয়ার নামে লিজ নেওয়া হলেও এটি নিয়ন্ত্রণ করতেন সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমান।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমনা আল মজীদ বলেন, চুক্তির শর্ত ভঙ্গ, অর্থ পরিশোধ না করায় মিনি চিড়িয়াখানা ও পাশের জমিতে করা শিশুপার্কের চুক্তি বাতিল করে উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। উচ্ছেদ হওয়া স্থানে শিশুদের জন্য নতুন করে ‘কিডস জোন’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিশুদের জন্য লাইব্রেরি, খেলনা ও কিছু রাইড থাকবে এবং বাগান করে দেওয়া হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত