নৌপরিবহন উপদেষ্টা

নদীবন্দরগুলোর কার্যকারিতা বাড়ানো গেলে আঞ্চলিক বাণিজ্য আরও গতিশীল হবে

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৫:৩৩ পিএম

দেশের নৌপথ উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। তিনি বলেন, নদীবন্দরগুলোর কার্যকারিতা বাড়ানো গেলে আঞ্চলিক বাণিজ্য আরও গতিশীল হবে।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রটোকল পরিদর্শন শেষে পদ্মা নদীর পাড়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, নদীবন্দরের কার্যক্রম শুরুর জন্য এনবিআরের অনুমোদন, অবকাঠামো উন্নয়ন এবং সড়ক যোগাযোগের উন্নতি জরুরি। এ প্রকল্পে সরকারের একাধিক সংস্থা জড়িত থাকায় সব পক্ষের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের ইতিবাচক সাড়া পেলে শিগগিরই সুলতানগঞ্জ নদীবন্দরের কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।

এর আগে, উপদেষ্টা সুলতানগঞ্জ নদীবন্দর ও কোর্ট অব প্রটোকল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ী ও জনগণের অংশগ্রহণে তিনি নদীবন্দর বাস্তবায়নে স্থানীয় সচেতনতা ও সহযোগিতা কামনা করেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত