আমার প্রিয় বন্ধুরা

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০২:২৮ এএম

আজ খুব বৃষ্টি। আমার অনেক বন্ধুই আজ স্কুলে আসেনি। তাই আজ তেমন একটা মজা হয়নি। ওদের কথা ক্লাসে বসে বসে মনে করছিলাম। ওরাও হয়তো আমাকে মনে করছিল। আমরা সবাই সবসময় মিলেমিশে থাকি।

একজন স্কুলে না এলে আর কারও ভালো লাগে না। আমরা হলাম সবচেয়ে ভালো বন্ধু।

আমার সবচেয়ে ভালো বন্ধুদের মধ্যে রয়েছে বৃত্ত, সোহম, বর্ণিল, নিপুণ, নিতুন, পল্লব। আমরা সবাই একই ক্লাসে একসঙ্গে পড়ি।

ওদের সবার মধ্যে আমি বর্ণিলের সঙ্গে সর্বপ্রথম কথা বলেছিলাম। সেদিন উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আমার প্রথম দিন ছিল। তাই এই স্কুলে বর্ণিলই হচ্ছে আমার প্রথম বন্ধু। তারপর আমার পরিচয় হয় নিপুণ আর নিতুনের সঙ্গে। ওরা দুই ভাই; নিপুণ বড়, নিতুন ছোট। তবে তারা ২ জন একই ক্লাসে পড়ে। তার কয়েক দিন পর আমার সোহমের সঙ্গে বন্ধুত্ব হয়। পল্লব ছিল সোহমের বন্ধু। তাই পল্লবের সঙ্গেও আমার বন্ধুত্ব হয়। সম্ভবত ওই বছরের সেপ্টেম্বর মাসে আমার বন্ধুত্ব হলো বৃত্তের সঙ্গে। আমাদের ক্লাস টিচার তখন থেকে আমাদের বসার জায়গা নির্ধারণ করে দিয়েছিল। তাই আমি প্রতিদিন বৃত্তের সঙ্গে বসতাম। তাই ওর সঙ্গে আমার বন্ধুত্ব হয়।

আমরা প্রতিদিন একসঙ্গে খেলা করি। ক্রিকেট আমাদের সবার প্রিয় খেলা। এ ছাড়াও আমরা মাঝে মাঝে দশ বিশ খেলি, কুইজ কুইজ খেলি, ফুটবল খেলি।

আমরা সবসময় একে অপরের বিপদে সাহায্য করি। কেউ স্কুলে না এলে তাকে সেদিনের পড়া পাঠিয়ে দিই হোয়াটসঅ্যাপে। আমার বিপদেও তারা আমাকে অনেক সাহায্য করে।

প্রতিদিন আমরা প্রচুর গল্প করি। গল্প করতে আমাদের ভালো লাগে। আমাদের বেশ কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেখানেও আমরা অনেক গল্প করি। আমরা একে অপরের সঙ্গে ফোনে কথা বলি। যখন অনেক বড় কোনো ছুটি হয় যেমন গ্রীষ্মকালীন ছুটিতে আমরা একে অপরকে খুব মিস করি। বেশি মন খারাপ লাগলে একে অপরের সঙ্গে ফোনে কথা বলে নিই।

আমাদের স্কুলে একটা ক্যান্টিন আছে। সেখানে অনেক কিছু পাওয়া যায়। আমি মাঝেমধ্যে সেখানে নিয়ে গিয়ে বন্ধুদের ট্রিট দিই। ওরাও মাঝেমধ্যে ট্রিট দেয়।

আমি আমার বন্ধুদের মতো বন্ধু পেয়ে খুব খুশি। আমাদের সবার বন্ধুত্ব অনেক দৃঢ়। আমি চাই সারা জীবনই আমাদের বন্ধুত্ব অটুট থাকুক।

শাশ্বত দে

            শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণি

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

×
সর্বশেষ সর্বাধিক পঠিত