ট্রাম্প শুল্ক আরোপের পর ‘স্বদেশি’ পণ্যে জোর দেওয়ার আহ্বান মোদির

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১০:৩১ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রপ্তানির ওপর ২৫ শতাংশ শুল্ক এবং রাশিয়া থেকে তেল আমদানির কারণে অনির্দিষ্ট জরিমানা আরোপের ঘোষণা দেওয়ার পর প্রথমবার এ বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, বিশ্ব অর্থনীতি অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। ‘স্বদেশি’ (ভারতে তৈরি) পণ্যের প্রতি জোর দিতে হবে।

শনিবার নিজের নির্বাচনী এলাকা বারাণসীতে এক জনসভায় মোদি বলেন, ভারতকে তার অর্থনৈতিক অগ্রাধিকারের দিকে মনোযোগ দিতে হবে। প্রতিটি নাগরিকের উচিত ‘স্বদেশি’ পণ্য কেনার অঙ্গীকার করা।

নরেন্দ্র মোদির বলেন, ‘আজ বিশ্ব অর্থনীতি নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে। এক ধরনের অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রতিটি দেশ নিজস্ব স্বার্থের দিকে মনোযোগ দিচ্ছে। ভারতও শিগগিরই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে, তাই আমাদের অর্থনৈতিক স্বার্থের বিষয়ে সজাগ থাকতে হবে। আমাদের কৃষক, শিল্প, তরুণদের কর্মসংস্থান—এসবই আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। সরকার এ দিকেই প্রতিটি প্রচেষ্টা চালাচ্ছে।’

তিনি আরও বলেন, কিন্তু দেশের নাগরিক হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব আছে… এটা শুধু মোদি নয়, সবার বলা উচিত। যারা ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি বানাতে চায়, যে কোনো রাজনৈতিক দল, যে কোনো নেতা—দেশের স্বার্থে কথা বলা উচিত এবং মানুষকে বোঝানো উচিত যে তাদের ‘স্বদেশি’ পণ্য কেনার অঙ্গীকার করতে হব। যখন আমরা কিছু কিনব, তখন আমাদের একটাই মানদণ্ড হবে—যা একজন ভারতীয়ের ঘাম-শ্রমে তৈরি, সেটাই আমরা কিনব। যা ভারতের মানুষের দক্ষতায়, ভারতের মানুষের শ্রমে তৈরি, সেটাই আমাদের কাছে স্বদেশি। আমাদের ‘ভোকাল ফর লোকাল’ মন্ত্র গ্রহণ করতে হবে।

‘মেক ইন ইন্ডিয়া’ পণ্যের প্রসারে আহ্বান জানিয়ে মোদি বলেন, মানুষকে প্রতিজ্ঞা করতে হবে যে তারা নতুন যা কিছু কিনবে তা হবে স্বদেশি।

তিনি ব্যবসায়ী ও দোকানদারদের উদ্দেশে বলেন, আজ আমি ব্যবসা-বাণিজ্যের জড়িত থাকা আমার ভাই-বোনদের এবং দোকানদারদের কাছে বিশেষ অনুরোধ করছি, যখন বিশ্ব এভাবে অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, তখন আমাদেরও কেবল নিজস্ব পণ্য বিক্রি করতে হবে। এই সংকল্পই হবে দেশের প্রতি সত্যিকারের সেবা… প্রতিটি কর্মকাণ্ডে স্বদেশির অনুভূতি আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এটিই মহাত্মা গান্ধীর প্রতি প্রকৃত শ্রদ্ধা হবে। কেবল সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা একটি উন্নত ভারতের স্বপ্ন পূরণ করতে পারব।’

ডোনাল্ড ট্রাম্প বুধবার ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করার পর ভারত ও রাশিয়াকে ‘মৃত অর্থনীতি’ বলে কটাক্ষ করেছিলেন। ভারত সরকার বলেছে, এই সিদ্ধান্তের প্রভাব তারা পর্যালোচনা করছে এবং জাতীয় স্বার্থ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

বৃহস্পতিবার সংসদে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলও জানিয়েছেন, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে।

তিনি বলেন, ‘সাম্প্রতিক পরিস্থিতির প্রভাব সরকার পর্যালোচনা করছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় রপ্তানিকারক, শিল্পপতি ও সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনায় রয়েছে, যাতে তারা পরিস্থিতি নিয়ে নিজেদের মূল্যায়ন জানাতে পারে। সরকার আমাদের কৃষক, শ্রমিক, উদ্যোক্তা, রপ্তানিকারক, এমএসএমই এবং শিল্পক্ষেত্রের সব অংশের কল্যাণ রক্ষা ও উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেয়। জাতীয় স্বার্থ সুরক্ষিত ও অগ্রসর করতে যা যা প্রয়োজন, সব পদক্ষেপ নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত