সাতক্ষীরার শ্যামনগরে জমিজমার বিরোধে সংঘটিত সংঘর্ষে প্রতিপক্ষের ছোড়া গুলিতে পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার রামজীবনপুরের কেয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ পাঁচজন হলেন, আব্দুল মালেক গাজী (৫০), আরিফুল ইসলাম (১৫), আরিফুল ইসলাম (২৮), আবু সাঈদ (১৫), ও আব্দুল্লাহ আল মামুন (৩৫)।
আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অবস্থা গুরুতর হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতরা সবাই রামজীবনপুর ও কেয়াতলার বাসিন্দা।
বিরোধপূর্ণ একটি জমির দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সময় তারা গুলিবিদ্ধ হন বলে আহতদের দাবি।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, জমির বিরোধে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে সেখান থেকে চারজনকে আটক করেছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।
তিনি বলেন, এ ঘটনায় প্রতিপক্ষের আশরাফুল ইসলাম (২৫), আমানুল্লাহ ইমন (২৩), মারুফ হোসেন (২২) ও আব্দুল্লাহ আল মামুনকে (২০) শ্যামনগর থানা পুলিশ আটক করেছে। আটক চারজনের মধ্যে দু’জন পুরাতন সাতক্ষীরা ও দুজন সখিপুর এলাকার বাসিন্দা।
শাহাজানের মোবাইল বন্ধ থাকায় তার সঙ্গে কথা বলা যায়নি। তবে পুলিশের হাতে আটককৃত আশরাফুল ইসলাম জানান, তাদের জমি জোরপূর্বক আব্দুল মালেক ও তার লোকজন দখল করে রেখেছে। বংশের লোকজন নিয়ে তারা জমি উদ্ধারে গেলে তাদের ওপর হামলা করে স্থানীয়রা।
তবে কে বা কারা গুলি করেছে সে বিষয়ে তিনি জানেন না বলে দাবি করেন।
