নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজ-এর সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আজিম উদ্দিন আহমেদ শুক্রবার (১ আগস্ট) বিকালে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজিম উদ্দিন আহমেদের দূরদর্শী নেতৃত্ব, দিকনির্দেশনা ও নিষ্ঠা নর্থ সাউথ ইউনিভার্সিটিকে আজকের অবস্থানে নিয়ে যেতে অনন্য ভূমিকা রেখেছে। প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও বোর্ডের সাবেক চেয়ারম্যান হিসেবে তিনি বাংলাদেশের বেসরকারি উচ্চশিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক ও অ্যালামনাই শিক্ষার প্রতি তার প্রতিশ্রুতি ও নিষ্ঠা দ্বারা অনুপ্রাণিত হয়েছেন।
নর্থ সাউথ ইউনিভার্সিটি পরিবার, বোর্ড অব ট্রাস্টিজ, প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাই সবাই তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।
তার রেখে যাওয়া শিক্ষা ও নেতৃত্ব চিরকাল আমাদের মাঝে অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবে।
