রবিবার (৩ আগস্ট) রাজধানীতে তীব্র যানজট দেখা দিয়েছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ, সপ্তাহের প্রথম কর্মদিবস এবং এইচএসসি ও বিসিএস পরীক্ষার প্রভাবে সড়কে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। এতে সকাল থেকেই দীর্ঘ যানজটে ভুগছেন নগরবাসী।
ছাত্রদল দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগে সমাবেশ করবে। অন্যদিকে, এনসিপি বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে। এছাড়া, সাইমুম শিল্পগোষ্ঠীর চারদিনব্যাপী ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠানের তৃতীয় দিনের কর্মসূচিও চলছে। এসব সমাবেশের জন্য ডিএমপি কয়েকটি সড়কে ডাইভারশন ঘোষণা করেছে।
সকাল থেকেই রাজধানীর প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়েছে। গণপরিবহনে যাত্রীদের ভিড় দেখা গেছে। অনেকেই বাসের গেটে ঠেলাঠেলি করে উঠতে বাধ্য হচ্ছেন। কারওয়ানবাজারের চাকরিজীবী রিপন বলেন, আজ বিশ্বরোড থেকে কারওয়ানবাজার আসতে দুই ঘণ্টার বেশি সময় লেগেছে, যা সাধারণত এক থেকে দেড় ঘণ্টা লাগে। বাসচালক শফিক বলেন, টেকনিক্যাল সিগন্যাল থেকে শ্যামলী পর্যন্ত আসতে ৩৫ মিনিট লাগলেও স্বাভাবিক সময়ে ১০ মিনিটেই পৌঁছানো যেত।
এদিন একই দিনে এইচএসসি ও বিসিএস পরীক্ষা হওয়ায় সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ তৈরি হয়েছে। এতে কর্মমুখী ও সাধারণ মানুষদের চলাচলে ব্যাঘাত ঘটছে।
