সখীপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন, ঘাতক পলাতক

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০২:৩০ পিএম

টাঙ্গাইলের সখীপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। রবিবার (৩ আগস্ট) সকালে সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম কাকলি (৩৫)। অভিযুক্ত স্বামী মেহেদী হাসান ঘটনার পরপরই পালিয়ে গেছেন।

নিহত কাকলির গ্রামের বাড়ি উপজেলার ইছাদিঘী গ্রামের আতিয়াপাড়া। স্বামী-স্ত্রী ও এক ছেলে ও এক মেয়ে নিয়ে জেলখানা মোড়ে একটি ভাড়া বাসায় তারা থাকতেন।

স্থানীয়রা জানায়, মেহেদী হাসান ও কাকলির মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। রবিবার সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে মেহেদী ঘরের মাংস কাটার ছুরি দিয়ে কাকলির শরীরের উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই কাকলির মৃত্যু হয়।

স্থানীয়রা আরো জানায়, ঘটনার পর মেহেদী বাসা থেকে পালিয়ে যায়। খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূইয়া বলেন, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত