জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে। 'জুলাই ঘোষণাপত্র ও সনদ' বাস্তবায়নের দাবিতে এই সমাবেশ থেকে দলটি 'নতুন বাংলাদেশের ইশতেহার' ঘোষণা করবে।
শনিবার (২ আগস্ট) রাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বার্তা দিয়ে শীর্ষ নেতারা এ ঘোষণা দেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম যৌথভাবে ভিডিও বার্তায় বলেন, ২০২৪ সালের ৩ আগস্ট এক দফার ঘোষণার মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটানো সম্ভব হয়েছিল। কিন্তু নতুন রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি। সেই লক্ষ্যে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি।
সারজিস আলম বলেন, গত জুলাই মাসে আমরা দেশের ৬৪ জেলায় গিয়েছি। মানুষের আশা-আকাঙ্ক্ষা শুনেছি। বিচার, সংস্কার ও নতুন সংবিধান-এই তিন লক্ষ্য নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। জনগণের চাওয়া-পাওয়ার ভিত্তিতেই আমাদের ইশতেহার প্রস্তুত হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগোচ্ছি। আগামী দিনের কর্মসূচি ও রাজনৈতিক রূপরেখা এই সমাবেশে তুলে ধরা হবে। আমরা বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যেখানে নাগরিক মর্যাদা ও সুযোগ সবার জন্য সমান হবে।
তিনি সবাইকে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ঢাকার বাইরের নেতাকর্মী ও সমর্থকদেরও শহীদ মিনারে আসতে হবে। আমরা জনগণের আস্থায় বলীয়ান হয়ে এই সংগ্রাম চালিয়ে যাব।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন পৃথক ভিডিও বার্তায় বলেন, নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার এই ঐতিহাসিক মুহূর্তে সবাইকে অংশ নিতে হবে। আমাদের লক্ষ্য জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা।
এরইমধ্যে শহীদ মিনারের সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন এনসিপির নেতাকর্মীরা।
