ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগানে মুখর শাহবাগ

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০২:৫৬ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর শাহবাগে। 

রবিবার (৩ আগস্ট) দুপুরে নেতাকর্মীদের উপস্থিতিতে শাহবাগ চত্বর মুখরিত হয়ে ওঠে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রদলের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকে।

সমাবেশের জন্য শাহবাগ মোড়ে টিএসসির দিকে মুখ করে মঞ্চ তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় নেতারা মঞ্চে উপস্থিত আছেন। দুপুর ২টায় মূল সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এর আগে থেকেই জমে ওঠে সমাবেশস্থল। 

সমাবেশের প্রস্তুতি হিসেবে শাহবাগ থেকে কাঁটাবন, ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়, শাহবাগ থানা হয়ে মৎস্য ভবন পর্যন্ত রাস্তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি চিকিৎসাসেবার জন্য অ্যাম্বুলেন্স চলাচলের সুযোগ রাখা হয়েছে।

নেতাকর্মীরা মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে, ব্যানার ও ফেস্টুন পরে, দলের পতাকা হাতে নিয়ে মিছিল করে সমাবেশস্থলে আসছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয় চত্বর। ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’-এমন নানা স্লোগান শোনা যায়।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, কলুষিত রাজনীতির পরিবর্তে ইতিবাচক ও গ্রহণযোগ্য রাজনীতি গড়তে চাই আমরা।

সমাবেশে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দেবেন। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত