ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী খোকন চন্দ্র বর্মণ

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৫:০৭ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের নির্মমতার শিকার খোকন চন্দ্র বর্মণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দিয়েছেন। পুলিশের গুলিতে তার বাম চোখ, মুখ ও নাক বিকৃত হয়ে গেছে। তার বর্তমান ছবি দেখলে যে কারও আঁতকে উঠতে হয়।

রবিবার (৩ আগস্ট) ট্রাইব্যুনালে খোকন চন্দ্র নিজের ওপর হওয়া নির্যাতন এবং যাত্রাবাড়ী থানার সামনে চোখের সামনে মানুষ হত্যার বর্ণনা দেন। এজন্য তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (যাকে তিনি 'কাউয়া কাদের' বলেছেন), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি শামীম ওসমান ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে দায়ী করেন।

খোকন আদালতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ী থানার সামনে পুলিশ গুলি করে আমার বাম চোখ, নাক ও মুখ নষ্ট করেছে। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। আমার চোখের সামনে অনেককে গুলি করে মারা হয়েছে। এই নির্যাতন ও হত্যার জন্য শেখ হাসিনা, কাউয়া কাদের, আসাদুজ্জামান খান কামাল, শামীম ওসমান ও আব্দুল্লাহ আল মামুন দায়ী।

প্রসিকিউশন তাকে জিজ্ঞাসা করলে তিনি স্পষ্ট করে বলেন, কাউয়া কাদের বলতে আমি ওবায়দুল কাদেরকেই বোঝাচ্ছি।

ট্রাইব্যুনালে এ সময় হাস্যরসের একটি মুহূর্ত তৈরি হয়। কিন্তু খোকনের বিকৃত চেহারার দিকে তাকালে সেই হাসি বেদনায় পরিণত হয়।

এদিকে, চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান দমনে অপরাধের প্রমাণ এতটাই স্পষ্ট যে, বিচারে কোনো সন্দেহের অবকাশ থাকবে না। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত