জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন।
সোমবার (৪ আগস্ট) রাত ২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এ ঘোষণা দেন তিনি।
হান্নান মাসউদ তার পোস্টে লিখেছেন, আগামীকাল জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছি। শুনেছি, এই সরকার জুলাই অভ্যুত্থানের মূল ১৫৮ জন সমন্বয়ক ও সহ-সমন্বয়ককে আমন্ত্রণ জানাতে পারেনি। হয়তো কিছু আসন রাখা হয়েছে, কিন্তু ১৫৮ জনের জন্য পর্যাপ্ত জায়গা নেই।
তিনি আরও লিখেছেন, জানি না, শহিদ পরিবারের সদস্যদের জন্য সেখানে স্থান রাখা হয়েছে কি না। যাদের সাহস ও নেতৃত্বে এই অভ্যুত্থান ও সরকার গঠিত হয়েছে, বছর না ঘুরতেই তারা মূল্যহীন হয়ে গেলেন।
এনসিপি নেতা আরও উল্লেখ করেন, আমার সহযোদ্ধারা, যারা মৃত্যুকে তুচ্ছ করে শেখ হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন-তারা এবং শহিদ পরিবারগুলো যদি তাদের প্রাপ্য সম্মান না পায়, তাহলে আমি ব্যক্তিগতভাবে আজকের জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জন করছি।
অন্যদিকে, গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে আজ (৫ আগস্ট) মানিক মিয়া এভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এ অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের বিভিন্ন পক্ষ অংশ নেবেন।
এ ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক সংগ্রাম ও জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরা হবে। এছাড়া আওয়ামী লীগ শাসনামলে গুম, খুন, গণহত্যা ও নিপীড়নের বিচার এবং শোষণমুক্ত সমাজ গঠনের অঙ্গীকারও থাকবে।
