প্রিয় খাবার বর্জন, কঠোর পরিশ্রম আর বাবার কবর জিয়ারত করে ইংল্যান্ডে যান সিরাজ

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৪:০৩ পিএম

ইংল্যান্ড-ভারত সদ্য সমাপ্ত টেস্ট সিরিজের সব আলো কেড়ে নিয়েছেন মোহাম্মদ সিরাজ। ৫ টেস্টের সিরিজে মোট ১৮৫.৩ ওভারে ১ হাজার ১১৩টা বল করেছেন। শিকার করেছেন ২৩ উইকেট। লর্ডস টেস্টের ‘ভিলেন’ থেকে হয়েছেন ওভাল টেস্টের নায়ক। তার যে বলে ভারত সিরিজ ড্র করেছে, সেই বলের গতি ছিল ১৪৩.৫ কিলোমিটার! কীভাবে তিনি একই উদ্যমে বোলিং করে গেছেন? কীভাবে পেয়েছেন এই ফিটনেস?

ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে সিরাজের শৃঙ্খলাবদ্ধ জীবনের গল্প শুনিয়েছেন তার ভাই মোহাম্মদ ইসমাইল। তিনি বলেছেন, ‘সিরাজ ফিটনেস নিয়ে প্রচুর পরিশ্রম করেছে। বাইরের খাবার খাওয়া বন্ধ করেছে। হায়দরাবাদে থাকলেও বিরিয়ানি খুব কমই খায়। খেলেও সেটা বাসায় রান্না করে। পিৎজাসহ তার পছন্দের সব ফাস্টফুড খাওয়া বন্ধ করেছে। ও কখনো হার মানে না। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পেলেও হতাশ হয়নি। বরং কঠোর পরিশ্রম করেছে।’

২০২০ সালে অস্ট্রেলিয়া সফর চলাকালীন সময়ে মারা গিয়েছিলেন সিরাজের বাবা। দেশে না ফিরে সিরাজ খেলা চালিয়ে গেছেন। বাবার স্বপ্ন বাস্তবায়ন করেছেন। এবার ইংল্যান্ড যাওয়ার আগে সিরাজ বাবার কবর জিয়ারত করতে ভুলেননি। তার বাবা মোহাম্মদ ঘৌসের একটাই স্বপ্ন ছিল, ছেলে ভারতের হয়ে খেলবে। অটোরিকশা চালিয়ে কষ্ট করে ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ করেছেন তিনি। কিন্তু দুর্ভাগ্য ছেলের সাফল্য মন ভরে দেখে যেতে পারেননি।

এবার ইংল্যান্ড সফরে যাওয়ার আগের ঘটনা নিয়ে মোহাম্মদ সিরাজের মা শাবানা বেগম ‘টাইম্‌স অফ ইন্ডিয়া’-কে বলেছেন, ‘যাওয়ার আগে বলল, “মা আমার জন্য দোয়া করো। আমি যেন ভালো খেলতে পারি। ভারতকে জেতাতে পারি।” তারপর বাবার কবরের কাছে গিয়ে প্রার্থনা করেছে। আমার ছেলে তার বাবাকে খুব ভালোবাসত। তার বাবাও ওকে যেন চোখে হারাত। আমাদের দোয়া সবসময় তার সঙ্গে আছে।’

ইংল্যান্ডে খেলার ফাঁকেও প্রতিদিন নিয়ম করে মায়ের সঙ্গে কথা বলেছেন সিরাজ। তার দোয়া নিয়েছেন। সিরাজের ভাই ইসমাইল বলেছেন, ‘মা সবসময়ে সিরাজের জন্য প্রার্থনা করে। মায়ের প্রার্থনার অনেক জোর। ইংল্যান্ড থেকে সিরাজ প্রতিদিন ভিডিও কলে মায়ের সঙ্গে কথা বলত। আশীর্বাদ চাইত। বাবা, মা সব সময়ে চাইত সিরাজ ভারতের হয়ে খেলুক। সেই স্বপ্ন সত্যি হয়েছে। আমরা চাই ও আরও সফল হোক। বিরাট কোহলিকে দেখে নিজের ফিটনেসে আরও উন্নতি করেছে সিরাজ। তাই আরও ভালো খেলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত