ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিজের শিশু কন্যাকে (১২) ধর্ষণের অভিযোগে হুমায়ূন মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) রাতে উপজেলার বুধন্তী ইউনিয়নের শশই গ্রাম থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (০৫ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ভুক্তভোগী শিশুটি হুমায়ুনের দ্বিতীয় স্ত্রীর সন্তান। রাতে শিশুটির মা লিখিত অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে হুমায়ুন মিয়াকে আটক করা হয়েছে। বিষয়টি খুবই স্পর্শকাতর। তাই বিস্তারিত এখনই বলা যাবে না। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, শিশুটি জানিয়েছে গত একমাস যাবত তাকে ধর্ষণ করে আসছিল তারই পিতা। গত রবিবার রাতেও একই কাজ করে। পরে শিশুটি তার মাকে বিষয়টি জানালে তিনি থানায় এসে অভিযোগ করেন। পরে পুলিশ হুমায়ুনকে আটক করে।
