বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গণ অভ্যুত্থানের একক দাবিদাররা গণ অভ্যুত্থানের বার্ষিকী উদযাপন রেখে কক্সবাজারে “অবকাশ”-এ কেনো জাতি জানতে চায়। তিনি বলেন গণতন্ত্রের উত্তরণে নতুন কোনো চক্রান্তের জাল কেউ বুনতে চাইলে, সে বা তারা যেই হউন না কেন জনগণ তাদের প্রতিহত করবে।
এমরান সালেহ প্রিন্স মঙ্গলবার বিকালে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি ও অংগসংগঠন আয়োজিত বিজয় মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রখছিলেন । হালুয়াঘাট পৌর শহরের উত্তর বাজারে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই সমাবেশে চব্বিশের গণ অভ্যুত্থানে ঢাকা ও গাজীপুরে নিহত হালুয়াঘাটের শহীদ বিজয় ফরাজী, শহীদ সেলিম শেখ, শহীদ মুনিরের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ পরিবারের হাতে শহীদ স্মারক তুলে দেন। পরে একটি বিশাল বর্ণাঢ্য মিছিল জাতীয় ও দলীয় এবং রঙ বেরঙের পতাকা, ফেস্টুন, শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানসহ গণ অভূয়ত্থানের শহীদদের ছবি নিয়ে হালুয়াঘাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।
বিজয় মিছিল পূর্ব সমাবেশে, ‘এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে!’ তথ্য উপদেষ্টার এমন ফেসবুক স্ট্যাটাসে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আল্লাহ না করুন, সেরকম পরিস্থিতি যদি সত্যি সৃষ্টি হয় তাহলে তার জন্য সরকার ও গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভেদ ও বিদ্বেষ সৃষ্টিকারী কিংস পার্টি ও তাদের সহযোগী দুইটি দল দায়ী থাকবে।
তিনি বলেন, গণতন্ত্রের উত্তরণের পথে বাধাঁ সৃষ্টিকারীরা দেশ ও জনগণের বন্ধু হতে পরে না। তিনি গণ ঐক্য অটুট রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, ইতিহাসের নিকৃষ্ট ফ্যসিবাদী হাসিনার পতন ও পালায়নের মধ্য দিয়ে হাজারও শহীদের জীবনের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছিল তা গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে অনৈক্যে ও সমন্বয়হীনতার কারণে যেনো ম্লান না হয়।
তিনি বলেন, সংস্কার ও জুলাই ঘোষণায় ঐকমত্য হয়েছে, ফ্যাসিস্ট হাসিনা ও সহযোগীদের বিচার শুরু হয়েছে, এখন দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে অনেক কথা হয়েছে, অনেক প্রতিশ্রুতি পেয়েছি, অনেক কালক্ষেপণ হয়েছে, এখন জনগণ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায়। জনগণের ধৈর্যের বাঁধ ভেঙ্গে যেতে শুরু করেছে। নির্বাচন, নির্বাচিত সংসদ ও সরকার ছাড়া দেশকে যেমন স্থিতিশীল রাখা যাবে না, তেমনি ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণসহ সংস্কার, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, ফ্যাসিস্টদের বিচার সম্ভব না।
এর আগে এমরান সালেহ প্রিন্স আজ সকালে ধোবাউড়া উপজেলা বিএনপি আয়োজিত বিজয় মিছিলেরও নেতৃত্ব দেন।
