ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা নেহাত কম না। তবে শুধু সময় কাটাতে নয়, বহু মানুষের উপার্জনের পথ এই প্ল্যাটফর্ম। সে কথা মাথায় রেখে প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আপডেট থাকে ইনস্টাগ্রাম। এবার লাইভ ফিচারে এলো বড় পরিবর্তন। চাইলেই ইচ্ছামতো সময় লাইভে থাকতে পারবেন না। শর্ত পূরণ করলে তবেই মিলবে লাইভের অনুমতি।
আগে ইনস্টাগ্রামে যে কেউ লাইভ করতে পারতেন। ফলোয়ার সংখ্যা ১ জন হোক বা ১ লাখ, তাতে কোনো সমস্যা ছিল না। কিন্তু এবার থেকে ন্যূনতম ১০০০ ফলোয়ার না থাকলে কেউ লাইভ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার প্রোফাইলেই লেখা থাকবে যে, আপনার অ্যাকাউন্টটি লাইভের যোগ্য নয়। কিন্তু কেন আচমকা এই বদল? তবে এই বিষয়টা মোটেই ভালোভাবে নেননি ইউজাররা। অধিকাংশেরই ধারণা এতে তাদের অ্যাকাউন্টের অরগানিক গ্রোথ বাধাপ্রাপ্ত হবে।
এই সিদ্ধান্তের পেছনে লুকিয়ে বেশ কয়েকটি কারণ। বর্তমানে যে কেউ চাইলেই লাইভ করতে পারেন। ফলে সার্ভারে সমস্যা দেখা যায়। যদি লাইভের জন্য শর্ত বেঁধে দেওয়া হয়, তাহলে কিছুটা হলেও কম সংখ্যক মানুষ লাইভ করবেন, তা বাকিদের জন্য সুবিধাজনক হবে। মনে করা হচ্ছে, যাদের ফলোয়ার সংখ্যা বেশি, যারা ইনস্টাগ্রাম থেকে উপার্জন করেন অর্থাৎ ইনফ্লুয়েন্সারদের বাড়তি সুবিধা দিতে চাইছে ইনস্টাগ্রাম। অনেকেরই ধারণা, ইনস্টাগ্রামের এই বদলের নেতিবাচক প্রভাব পড়বে। অনেকেই ভুয়া ফলোয়ার তৈরির চেষ্টা করবেন।
