‘ভারত বলে ভ্যাসলিন মেখেছে’ –দাবি সাবেক পাকিস্তানি ক্রিকেটারের

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০১:৩৫ পিএম

উদ্ভট মন্তব্যের জন্য পাকিস্তানি ক্রিকেটারদের জুড়ি নেই। সদ্য ওভাল টেস্ট জিতে ইংল্যান্ডের সঙ্গে সিরিজ ২-২ সমতায় শেষ করেছে ভারত। বল হাতে আগুন ঝরিয়েছেন মোহাম্মদ সিরাজ। তার প্রশংসা করছে পুরো ক্রিকেটবিশ্ব। এর মাঝেই পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাব্বির আহমেদ বলে বসলেন, ভারতীয় বোলাররা নাকি বলে ভ্যাসলিন মাখিয়ে টেম্পারিংয়ের চেষ্টা করেছে!

পাকিস্তানের হয়ে ১০ টেস্ট, ৩২ ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলা সাব্বির সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমার ধারণা ভারত বলে ভ্যাসলিন মেখেছে। নাহলে ৮০ ওভার পরও বল অতটা চকচকে থাকে কীভাবে? আম্পায়ারদের উচিত ওই বল গবেষণাগারে নিয়ে গিয়ে পরীক্ষা করা।’

এমন মন্তব্য করে নিজেই এখন বিপাকে পড়েছেন সাব্বির। তাকে নিয়ে চলছে হাসাহাসি। ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজে বল নিয়ে অনেক তর্ক-বিতর্ক হয়েছে। ডিউক বল দ্রুত নরম হয়ে যাওয়ায় অভিযোগ করেছে দুই দলই। কিন্তু বলে ভ্যাসলিন মাখিয়ে বিকৃত করার অভিযোগ এই প্রথম উঠল। সেটাও সিরিজ শেষ হওয়ার পর। জবাবে ভারতীয় সমর্থকেরা সাব্বিরকে পাকিস্তানের বল বিকৃতি এবং ম্যাচ ফিক্সিংয়ের ইতিহাস মনে করিয়ে দিয়েছেন।

ওভালের উইকেটকে অনেকেই সিরিজের সেরা উইকেট বলছেন। দুই দলের বোলাররাই সুবিধা পেয়েছেন। আবার চার ইনিংস মিলিয়ে হাজারের বেশি রানও হয়েছে। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ভারতকে জিতিয়েছেন মোহাম্মদ সিরাজ। ম্যাচের পর সেই সিরাজ বলেছিলেন, ‘খুব সাধারণ পরিকল্পনা ছিল। আলাদা কিছু ভাবিনি। সঠিক জায়গায় বল করে যাওটাই লক্ষ্য ছিল। এতে উইকেট পাই বা ছক্কা খাই- কিছু যায় আসে না। এভাবেই সাফল্য পেয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত